ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক হোল্ডার

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৪, ১৭:৩৩



আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নিয়মিত অধিনায়ক ডুয়াইন ব্র্যাভোর পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন ২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা জেসন হোল্ডার।

আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এই সিরিজের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন ব্র্যাভো। তার সাথে আরো বাদ পড়েছেন সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি এবং কিয়েরন পোলার্ড। ডব্লিউআইসিবি’র এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, নির্বাচক প্যানেলের চেয়ারম্যান এবং সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েডই অধিনায়ক হিসেবে জেসনের নাম সুপারিশ করেছেন। ভবিষ্যতের কথা বিবেচনা করেই ২৩ বছর বয়সী এই খেলোয়াড়ের উপর দলের নেতৃত্ব দেয়া হয়েছে।

জ্যামাইকা অবসরাভার পত্রিকার লয়েডের বরাত দিয়ে বলা হয়েছে, ‘জেসন এমন একজন ভাল তরুণ খেলোয়াড় যাকে নিয়ে ভবিষ্যত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দীর্ঘমেয়াদে উপকৃত হতে পারে। আমরা তাকে দীর্ঘ সময়ে দলে পাবার আশা করছি। তার সামনে দারুণ উজ্জ্বল ভবিষ্যত রয়েছে। আমরা তার প্রতি পূর্ণ আস্থা রাখতে পারি। সে হাই পারফরমেন্স সেন্টারের অংশ ছিল, এছাড়া অনুর্ধ্ব-১৯ এবং ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলেও সে খেলেছে।’

বেতন সংক্রান্ত বিষয়ে খেলোয়াড়দের সাথে ডব্লিউআইসিবির বিরোধের জের ধরেই ব্র্যাভো, স্যামি ও পোলার্ডকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই বিরোধের কারণে কিছুদিন আগে ভারতের বিপক্ষে সিরিজ শেষ না করেই দেশে ফিরে যায় ওয়েস্ট ইন্ডিজ। তবে আসন্ন ওয়ানডে সিরিজে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন হার্ড হিটিং ব্যাটসম্যান ক্রিস গেইল যা দলকে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড : জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, দিনেশ রামদিন, সুলাইমান বেন, কার্লোস বার্থওয়েইট, জোনাথন কার্টার, শেলডন কোটরেল, নারসিং ডিওনারিন, লিও জনসন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স, ডুয়াইন স্মিথ, জেরম টেইলর।