গোপন বৈঠককালে অভিযান চালিয়ে সিলেটে জামায়াত-শিবিরের ১৫ কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যান্ত নগরীর আল-হামরা শপিং সিটিতে কতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ কর্মীকে আটক করে। দর্জি কল্যাণ ফেডারেশনের ব্যানারে জামায়াত-শিবির নেতাকর্মীরা আল-হামরা শপিং সেন্টারস্থ হামাদান রেস্টুরেন্টে গোপন বৈঠক করছিল বলে জানিয়েছে পুলিশ।
এ বৈঠকে সিলেট জেলা ও মহানগর জামায়াত-শিবিরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। খবর পেয়ে রাত ৯টায় কতোয়ালী মডেল থানার ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ আল-হামরা শপিং সেন্টারে অবস্থান নেয়। পরে রাত সাড়ে ১১টায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরে ১৫ জন কর্মীকে আটক করে। তবে শীর্ষ নেতারা কৌশলে পালিয়ে যান।
সিলেট কতোয়ালী মডেল থানার এসআই মবশ্বির আলী জানান, আল-হামরা শপিং সেন্টারে জামায়াত-শিবির দর্জি কল্যাণ ফেডারেশনের ব্যানারে গোপন বৈঠক করছিল। অভিযান চালিয়ে বেশ কয়েকজন জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়।
