ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় সচিবালয়

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৪, ১৮:১২



প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে সরকারি কর্মযজ্ঞের কেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ওয়াইফাই নেটওয়ার্কের সংযোগ দেয়া হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই ওয়াইফাই নেটওয়ার্কের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রতিমন্ত্রী বলেন, ‘ওয়াইফাইয়ের মাধ্যমে নিরবচ্ছিন্ন ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবহার প্রশাসনিক কার্যক্রম লালফিতার জটে বাধাগ্রস্ত হয়। কিন্তু আমার বিশ্বাস এ ধরনের আধুনিক উদ্যোগের ফলে লাল ফিতার প্রভাব ধীরে ধীরে কমে আসবে।’

এখন থেকে সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি অতিথিরাও সারা দিন নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ডাক-টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভার্নমেন্ট ফেস-টু (ইনফো-সরকার) প্রকল্প এই ওয়াইফাই প্রকল্প স্থাপন করেছে।