সুহৃদ ইন্ডাস্ট্রিজের পর্ষদ পুনর্গঠন নিয়ে বিশৃঙ্খলা

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৪, ১৮:৪৯
 
 
 
পুঁজিবাজারে তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। গত ২০ ডিসেম্বর কোম্পানির চতুর্থ এজিএম অনুষ্ঠিত হয়। এজিএমে বিশৃঙ্খলা হওয়ায় এজিএম স্থগিত করা হয়। নোটিসের মাধ্যমে এজিএমের পরবর্তী তারিখ জানানো হবে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ সব তথ্য জানিয়েছে।
এ দিকে মো. তুহিন রেজাকে সুহৃদ ইন্ডাস্ট্রিজের নতুন চেয়ারম্যান ও মো. মাহমুদুল হাসানকে ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। এজিএম শেষে নতুন পরিচালনা পর্ষদ বোর্ড সভা করে। সভায় ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ অনুমোদন করা হয়।
তবে নতুন পর্ষদ গঠন সম্পর্কে সুহূদ ইন্ডাস্ট্রিজে দীর্ঘদিন ধরে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা জাহিদুল হক রবিবার ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, সুহৃদ ইন্ডাষ্ট্রিজের বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রভাব খাটিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। আইনানুযায়ী এখনও আমিই এমডি পদে বহাল রয়েছি।
তবে নতুন পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে, শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি থেকে ১০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এ ছাড়া, একজন স্বতন্ত্র পরিচালককে মনোনায়ন দেওয়া হয়েছে। জোর করে কোনো কিছুই করা হয়নি।
এ দিকে, সম্প্রতি সুহৃদ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীনভাবে ব্যবস্থাপনা পরিচালক পদে থাকার বিষয়ে সুহূদ ইন্ডাস্ট্রিজের শেয়ারহোল্ডার নোমান রশিদ চৌধুরী বিএসইসির কাছে অভিযোগ করেন। এর প্রেক্ষিতে গত ১৫ ডিসেম্বর সুহূদ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হককে তার বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাখ্যা তিন কার্যদিবসের মধ্যে দেওয়ার নির্দেশ দেয় বিএসইসি। পাশাপাশি জাহিদুল হকের বিরুদ্ধে অবৈধভাবে স্বপদে বহাল থাকার অভিযোগ খতিয়ে দেখতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
প্রসঙ্গে জাহিদুল হক বলেন, বিশেষ ও বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতি না নিয়ে স্বপদে বহাল থাকা ভুল হয়েছে। কাজকে অধিক প্রাধান্য দেয়ায় এ ধরনের ভুল হয়ে গেছে। তবে আগামীতে বিষয়টি সংশোধন করে নেব।