তুচ্ছ ঘটনায় সরাইলে ৮ ঘণ্টাব্যাপী সংঘর্ষ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৪, ০০:৪৫

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সরাইলের নোয়াগাঁও ইউনিয়ন ও কালিকচ্ছ ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে গতকাল রবিবার আট ঘণ্টা ধরে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছে। সকাল ৭টা থেকে শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত চলা এই সংঘর্ষের সময় হাজার হাজার লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়। এসময় উভয়পক্ষের বাড়িঘরে ব্যাপক ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

জানা যায়, গত শনিবার বিকালে নোয়াগাঁও গ্রামের পারভেজ মোতায়ীদ মোটর সাইকেল চালিয়ে ও কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের মজিবুর মিয়া ট্রাক্টর চালিয়ে যাওয়ার সময় সাইড না দেয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন রাত ৮টায় কালিকচ্ছ বাজারে উভয়পক্ষের লোকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ ঘটনার জের ধরে গতকাল দুই ইউনিয়নের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ও র্যাব-৯ এর সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহতদের সরাইল হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কাউসার মিয়া (২০) ও মোরশেদ মিয়াকে (৩৫) ঢাকায় প্রেরণ করা হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলী আরশাদ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।