আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেট কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়া চলতি ২০১৪-১৫ অর্থবছরের রাজস্ব আদায়ে গতি বাড়াতেও নির্দেশ দিয়েছেন খোঁজ তিনি। সোমবার রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন সচিবালয়ে তার সঙ্গে স্বাক্ষাৎকালে তিনি এ নির্দেশ দেন।
বৈঠকে এনবিআরের আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও শুল্ক নীতি বিভাগের সদস্যরাও উপস্থিত চিলেন। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে কমিশন আগামী জুলাই থেকে কার্যকরের কথা রয়েছে। এ জন্য বাড়তি অর্থের সংকুলান করতে রাজস্বের উপর সরকারকে ভরসা করতে হবে। আগামী বাজেটে রাজস্ব আাদায় বাড়ানোর উপায় নিয়েও আলোচনা হয় বলে বৈঠক সূত্র জানিয়েছে। অর্থমন্ত্রী রাজস্ব আদায়ের গতি আরো বাড়ানোর স্বার্থে চলমান উদ্যোগে গতি আনার নির্দেশ দিয়েছেন। বিভিন্ন মামলায় আটকে থাকা বড় অঙ্কের রাজস্ব অবমুক্ত করার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে।
চলতি অর্থবছরের ইতিমধ্যে ছয় মাস পার হওয়ার পথে। এ বছর প্রায় ২৪ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭২০ কোটি টাকা। তবে এনবিআরের হিসাবে গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ৪ মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে সোয়া ১৪ শতাংশ। আলোচ্য সময়ে রাজস্ব আদায় হয়েছে ৩৮ হাজার ৬ কোটি টাকা। অর্থাৎ বাকী আট মাসে আদায় করতে হবে ১ লাখ ১১ হাজার কোটি টাকা।
