কটূক্তি: খুলনায় আরেক মামলায় গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৪, ১৮:১৯
 
 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে খুলনায় মানহানির দুইটি মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত দুইটি মামলার একটিতে সমন জারি ও অপর একটিতে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এছাড়া দায়েরকৃত আরো দুইটি মামলার নথি পর্যালোচনার জন্য রাখা হয়েছে। এ দুইটি মামলা সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি আইনজীবীরা। সোমবার খুলনার বিভিন্ন আদালতে দায়েরকৃত মামলায় এ আদেশ দেন বিচারকরা।
খুলনা আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এপিপি তারিক মাহমুদ তারা জানান, খুলনা মহানগর হাকিম মো. জাকির হোসেন টিপুর আদালতে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন বাদী হয়ে  তারেক রহমানের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেন। এ মামলায় আদালত তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। মামলার পরবর্তী ধার্য তারিখ আগামী ২১ জানুয়ারি। 
এছাড়া একই অভিযোগে খুলনা সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা শেখ আলী আকবর টিপু বাদী হয়ে তারেক রহমানের বিরুদ্ধে খুলনা মহানগর হাকিম আয়েশা আক্তার মৌসুমীর আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলায় আদালত তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেছেন। এ মামলারও পরবর্তী ধার্য তারিখ আগামী ২১জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।  
খুলনা সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেড এ মাহমুদ ডন বাদী হয়ে মহানগর হাকিম আবীর পারভেজের আদালতে তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। এ মামলার নথি পর্যালোচনার জন্য রাখা হয়েছে। 
খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর বাদী হয়ে মহানগর হাকিম সুলতান মাহমুদের আদালতে  তারেক রহমানের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেন। এ মামলাতেও আদালত তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেছেন। এ মামলার নথি পর্যালোচনার জন্য রাখা হয়েছে।  
প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর লন্ডনে বিজয় দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি নেতা তারেক রহমান বঙ্গবন্ধুকে ‘রাজাকার ও শখের বন্দী’ বলে কটূক্তি করেন। যা ১৭ ডিসেম্বর বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।