বঙ্গবন্ধুকে কটূক্তি: নওগাঁয় জেলা ছাত্রলীগের দুইটি মামলা

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৪, ১৯:২৩
 
 
নওগাঁয় স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কটূক্তির প্রতিবাদে নওগাঁ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী নং-১ আদালতে পৃথক দুইটি মামলা দায়ের করেছে জেলা ছাত্রলীগের সভাপতি রাহমানিয়া আলম রিজভী ও সাধারণ সম্পাদক বিমান কুমার রায়। সোমবার দুপুরে আদালতের বিচারক আব্দুল মালেক দীর্ঘ শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে আসামি তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
জেলা ছাত্রলীগের সভাপতি রাহমানিয়া রিজভী বাদী হয়ে মানহানি মামলা করেন। এই মামলায় বিচারক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 
অপর রাষ্ট্রদ্রোহী মামলা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়। বিচারক এই মামলাটি আমলে নিয়ে মঙ্গলবার আদেশ দিবেন বলে আদালত সূত্রে জানা গেছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত ১৫ ডিসেম্বর আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ইস্ট লন্ডন অ্যাটিয়াম ব্যাংকোয়েট হলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তার বাবা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক ও প্রথম প্রেসিডেন্ট দাবি করে স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানকে রাজাকার খুনী, পাক বন্ধু বলে অ্যাখ্যায়িত করে এবং বঙ্গবন্ধুকে আরে তুমি পৃথিবীর সবচেয়ে বড় রাজাকারের ভাই“ মুক্তিযুদ্ধের ইতিহাস আওয়ামী লীগ বিকৃত করেছে এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রংহেডেড“ বলে অ্যাখ্যায়িত করে আরও মানহানীকর ও রাষ্ট্রদ্রোহী বক্তব্য প্রদান করেন। এই উক্তিগুলি গত ১৭ ডিসেম্বর তারিখে ঢাকা থেকে দৈনিক যুগান্তর পত্রিকা “বঙ্গবন্ধুকে রাজাকার বললেন তারেক রহমান” শিরোনামে খবর প্রকাশিত হয়। বাদী উক্ত পত্রিকা পড়ে এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় খবর শুনিয়া উক্ত বিষয়ে অবগত হন। স্বাধীন বাংলার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন বিশ্ব পরিচিত মহান নেতা। এই মানহানীকর উক্তি করার কারণে ১০ হাজার কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।