ফুলবাড়ীয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নাশকতার আশংকায় জেএমবি সন্দেহে ৫ জনকে সোমবার সন্ধ্যায় গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন র্যাবের সন্দেহভাজন বলে জানা গেছে। তারা দীর্ঘদিন পলাতক ছিলেন।
থানা পুলিশ সোমবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে এক মুক্তিযোদ্ধার সন্তান রয়েছে।
আটককৃতরা হলেন- জোরবাড়ীয়া বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক আ. বারেক মুন্সী বারী (৪৫) তার পিতার নাম আফছর উদ্দিন গ্রাম জোরবাড়ীয়া মধ্যপাড়া, রাধাকানাই গ্রামের মুক্তিযোদ্ধা নূর আহাম্মদ চৌধুরীর পুত্র তৌহিদুজ্জামান আবু (২৭), ইচাইল খামার চর গ্রামের শাহাবুদ্দিনের পুত্র আ. হান্নান (২৬), রাধাকানাই টুক্কির পাড় গ্রামের আবুল কাশেমের পুত্র মো. টুয়েল (২৫), চকরাধাকানাই গ্রামের হাফেজ আলীর পুত্র তাজামুল হক (৪৫)।
ফুলবাড়ীয়া থানার ওসি রিফাত খান রাজিব জানান, জেএমবি সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে তাদের। জিজ্ঞাসাবাদ চলছে।
উল্লেখ্য, ময়মনসিংহে তালিকাভুক্ত ২০ জেএমবি সদস্যদের মধ্যে ৬ জনের বাড়ি ফুলবাড়ীয়া উপজেলার বিভিন্ন গ্রামে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জেএমবি সদস্যদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য যে চিঠি দেয়া হয়েছে তারই অংশ হিসাবে এ অভিযান চালায় থানা পুলিশ।
