রাজধানীর যাত্রাবাড়ি ও কমলাপুরে পৃথক অভিযানে ১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- সোহেল আহমেদ, সেলিম, পারভেজ হায়দার, আব্দুল হক ও জামাল উদ্দিন। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় তৈরি চোলাই মদ, হেরোইন ও মাদক বিক্রির টাকাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-২। গ্রেফতারকৃতরা হলেন- খোকন মন্ডল, জুয়েল মিয়া ও রঞ্জু হোসেন রনি।
যাত্রাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনী শংকর কর জানান, রবিবার রাতে গোলাপবাগ থেকে ৯০০ পিস ইয়াবাসহ সোহেল ও সেলিমকে আটক করা হয়। এর কিছুক্ষণ পর দয়াগঞ্জ থেকে ২০০ পিস ইয়াবাসহ পারভেজকে আটক করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছে। মাদক মামলায় আটককৃতদের গ্রেফতার দেখানো হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কমলাপুর রেলস্টেশন থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল হক ও জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। এর আগে চট্টগ্রাম থেকে তুর্ণা-নিশিতা এক্সপ্রেসে কমলাপুরে আসেন ওই দুই যাত্রী।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারি পরিচালক মাকসুদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে ১৪৩ পূর্ব তেজতুরী বাজারের কলা পট্টি থেকে ওই তিন জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি বস্তা থেকে ১৬২ বোতল চোলাই মদ, ২৫ পুরিয়া হেরোইন ও হেরোইন বিক্রয়ের ৩৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
