চাকা ফেটে বাস খালে, নিহত ১০

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৪, ১০:৫৫

 খুলনা থেকে বরিশালগামী রুপম পরিবহনের একটি বাস রাজাপুরে চাকা ফেটে খালে পড়ে যায়। এতে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪০ জন। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র, বিভিন্ন ক্লিনিক, ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, পটুয়াখালি জেলার লেবুখালি উপজেলার শাওন হোসেন (৩৫) ও তারা স্ত্রী ঝর্ণা ওরফে কুলসুম বেগম (২৮), মেহেন্দি গঞ্জের আবুল কালাম আজদ, বরিশালের মুকুল।
আহত যাত্রী একরাম, ইশরাত জাহান ও প্রিয়াঙ্কাসহ একাধিক যাত্রীরা জানান, গাড়িটি দুর্ঘটনায় পড়ার আগে সামনের চাকা ফেটে যায়। এতে নির্মাণাধীন ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে যায়।
রাজাপুর থানার ওসি মাসুদুজ্জামান জানান, গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।
ঘটনাস্থলে ঝালকাঠির জেলা প্রশাসক মো. সাখাওয়াত হোসেন, পুলিশ সুপার মজিদ আলী ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) আফম আনোয়ার হোসেনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উদ্ধার কাজ তদারকি করছেন|
ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন জানান, পুলিশের সহায়তায় বাসটি ক্রেন দিয়ে সরানোর সময় আরো এক কিশোরীর লাশ পাওয়া গেছে। এই নিয়ে মৃতের সংখ্যা ৮ জনে দাঁড়াল।
পরে রাতে আরো দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।