দেশে বিনিয়োগের গতি বাড়াতে সুদের হার কমিয়ে আনার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ আহ্বান জানান সংগঠনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে এজিএম অনুষ্ঠিত হয়। কাজী আকরাম বলেন, ‘এফবিসিসিআইর প্রচেষ্টায় সুদের হার বর্তমানে কমে আসছে। এ সুদের হার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসার জন্য এফবিসিসিআইর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
এ সময় কাজী আকরাম গত এক বছরে অর্থনৈতিক কর্মকাণ্ডসহ নানামুখী বিষয়ে এফবিসিসিআইয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। ফরমালিন অপব্যবহার রোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জাল টাকার নোটের ব্যবহার রোধ, নারী উদ্যোক্তা উন্নয়ন ছাড়াও সরকার ব্যবসাবান্ধব বাজেট প্রণয়নে সংগঠনের ভূমিকা তুলে ধরা হয়।
এ সময় দেশের আমদানি-রপ্তানি, বিনিয়োগ পরিস্থিতি, বৈদেশিক বাণিজ্য, অবকাঠামো উন্নয়নসহ সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচক সম্পর্কে আলোকপাত করা হয়। এফবিসিসিআই ব্যবসায়ী প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র, বেলারুশ, চীন, জাপান, ইতালি, মালয়েশিয়া প্রভৃতি দেশ সফর করেন। এ ছাড়া, আলোচ্য সময়ে জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে, থাইল্যান্ডের তত্কালীন প্রধানমন্ত্রী ইয়াংলিক সিনওয়াত্রা, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হান সেন, ভূটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সাথে আলোচনায় এফবিসিসিআই বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে। সেই সাথে বাংলদেশ সফরকারী ভারত, জার্মানি, চায়না, ভিয়েতনাম, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, কোরিয়া, বেলারুশ, গাম্বিয়া, ভুটান প্রভৃতি দেশের ব্যবসায়িক প্রতিনিধিদলের সঙ্গে এফবিসিসিআই নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক সাধারণ সভায় এফবিসিসিআই প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী, সহসভাপতি হেলাল উদ্দিন ছাড়াও পরিচালক ও সাধারণ পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।
