আফ্রিদিসহ পাঁচ ক্রিকেটারকে কারণ দর্শানো নোটিশ পিসিবির

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ১৯:১৬




বোর্ডের কাছ থেকে কোনো প্রকার অনুমতি না নিয়ে একটি বিজ্ঞাপন চিত্রের শুটিংয়ে অংশ নেওয়ায় শহিদ আফ্রিদিসহ পাঁচ আন্তর্জাতিক ক্রিকেটারকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নোটিশ পাওয়া অপর চার খেলোয়াড় হলেন- মোহাম্মদ ইরফান, ফওয়াদ আলম, আনোয়ার আলি ও ওয়াহাব রিয়াজ।

বোর্ডের কাছ থেকে অনুমতি ছাড়া সম্প্রতি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা হোম সিরিজের মূল স্পন্সর হেয়ার কোম্পানির একটি বিজ্ঞাপন চিত্রে অংশ নেয়ায় এই পাঁচ ক্রিকেটারকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।

সেরা ফর্মে থাকতেই নিজের ক্যারিয়ার শেষ করতে চান উল্লেখ করে ২০১৫ বিশ্বকাপের পর একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ম্যাচ থেকে অবসর নেবেন বলে সম্প্রতি ঘোষণা দিয়েছেন আফ্রিদি।

স্থানীয় এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকাকে পিসিবির এক কর্মকর্তা জানান, অনুমতি ছাড়া বিজ্ঞাপন চিত্রে অংশ নেওয়ায় বোর্ড পাঁচ ক্রিকেটারকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে। আমরা তাদের ব্যাখ্যার জন্য অপেক্ষা করব এবং তারপর সিদ্ধান্ত নেব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা।