চট্টগ্রামের হাটহাজারি থেকে অপহূত ৯ মাসের শিশু মোহাম্মদ শাহকে রাজশাহী মহানগরীর বহরমপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় শিশুটিকে উদ্ধার করে। শিশুটি হাটহাজারির বুড়িপুকুর এলাকার জনৈক ইসমাইল হোসেনের ছেলে। এ ঘটনায় পুলিশ অপহরণকারী শারমিন আক্তারকে (২৫) গ্রেফতার করেছে।
আরএমপির গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম বলেন, অপহরণকারী শারমিন ও তার স্বামী শফিকুল ইসলাম হাটহাজারি এলাকায় দর্জির কাজ করতো। এই দম্পত্তি ওই এলাকায় ইসমাইল হোসেনের বাড়িতে ভাড়া থাকতো। শিশু মোহাম্মদ আলী বাড়ির মালিক ইসমাইল হোসেনের ছেলে। এক পর্যায়ে শফিকুল ও শারমিন গত ২৭ দিন আগে চট্টগ্রাম থেকে শিশুটিকে অপহরণ করে রাজশাহীতে নিয়ে আসে। ওসি আরও বলেন, চট্টগ্রাম মহানগর পুলিশের তথ্যের ভিত্তিতে শারমিনকে শিশুসহ গ্র্রেফতার করা হয়েছে। তার স্বামী শফিকুলকে গ্রেফতারে চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে শিশুটিকে তার বাবা-মার কাছে ফেরত দেয়া হবে বলেও জানান ওসি।
