নরসিংদী জেলা শহরের উত্তর সাটিরপাড়া ও মধ্যকান্দাপাড়ায় রক্তক্ষয়ী দুইটি ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদলের গুলিতে আহম্মদ আলী বাবু নামে ১৪ বছরের এক কিশোর-স্কুল ছাত্র নিহত এবং শহীদ মিয়া (৪৫), অমিত হাসান (৮), জয়নাল মিয়া (৪০), প্রমা সাহা (১৫) ও মোহাম্মদ আলী (১৫) নামে পাঁচ জন গুলিবিদ্ধ হয়েছে। আহত অমিত হাসান ও মোহাম্মদ আলী এবং মৃত আহম্মদ আলী বাবু আহত শহীদ মিয়ার পুত্র। এদেরকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পর পর দুই বাড়ীতে সশস্ত্র ডাকাতি ও হতাহতের ঘটনায় সারা শহরের লোকজনের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে।
জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে একদল আগ্নেয়াস্ত্রধারী ডাকাত প্রথমে হানা দেয় সদর মডেল থানা থেকে মাত্র আধা কিলোমিটার দূরে উত্তর সাটিরপাড়া মহল্লার ফজলু মিয়ার বাড়ীতে। এ সময় ডাকাত ডাকাত বলে বাড়ীর লোকজন চিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন ঘুম থেকে উঠে ডাকাতদলকে ঘেরাও করার চেষ্টা করে। এ অবস্থায় ডাকাতদল জনতার উপর অতর্কিতে গুলিবর্ষণ শুরু করলে শহীদ মিয়া, অমিত হাসান, জয়নাল মিয়া ও আহাম্মদ আলী বাবু গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তৎক্ষণাৎ এলাকার লোকজন তাদেরকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহম্মদ আলী বাবুকে মৃত ঘোষণা করেন। মারাত্মক আহত অন্যদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অপর দিকে একই রাত তিনটায় উত্তর সাটিরপাড়া ঘটনাস্থল থেকে এক কিলোমিটার পূর্ব দিকে মধ্যকান্দাপাড়ার দেশপ্রিয় রোডে আগ্নেয়াস্ত্রধারী ডাকাতদল হামলা চালায় সমির সাহার বাড়ীতে। ডাকাতদল দরজা ভেঙ্গে ঘরে ঢুকে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। তারা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় পাশের ঘরে থাকা ৮ম শ্রেণীর ছাত্রী ও জেএসসি পরীক্ষার্থী প্রমা সাহা দরজা খুলে ডাকাত বলে চিৎকার করতে শুরু করে। এ সময় ডাকাতদল তাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করলে দুই জন আহত হন। আশেপাশের লোকজন এ সময় দৌঁড়ে ঘটনাস্থলের দিকে আসতে থাকলে ডাকাতদল অবস্থা বেগতিক দেখে দ্রুত পালিয়ে যায়। পরে আহত প্রমা সাহাকে জরুরি ভিত্তিতে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম বলেন, ‘যেহেতু মালামাল লুট হয়নি সেহেতু গুলিতে নিহতের ঘটনাটি মনে হচ্ছে ডাকাতি। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
