চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্রিকেট খেলতে গিয়ে বলের আঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ভাটিয়ারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মো. রবিন (১৬) নামে ওই কিশোর উপজেলার ভাটিয়ারি এলাকার শাহ আলমের ছেলে। সে স্থানীয় একটি চা দোকানে কাজ করত।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে অজ্ঞান অবস্থায় রবিনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় একটি মাঠে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল রবিন। এ সময় একটি বল তার তলপেটে লাগলে অজ্ঞান হয়ে যায় রবিন।
