চট্টগ্রামে সিঙ্গাপুর মার্কেটে শতাধিক দোকান পুড়ে ছাই

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৪, ২২:০২
নগরীর আগ্রাবাদ অ্যাক্সেস রোডের সমবায় সিঙ্গাপুর মার্কেটে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় কয়েকশত দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে কমপক্ষে একশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় আগুনের সূত্রপাত হয়। রাত ৯টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে আগ্রাবাদ ফায়ার কন্ট্রোল অফিস জানায়। 
মার্কেটের পেছনের বস্তি থেকে আগুন লেগেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করেন। 
আগুন পুরো মার্কেট ও পাশের বস্তিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের  ৬টি ইউনিটের ২০টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপনের কাজ শুরু করে। 
 রাতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে অনেকেই সর্বস্ব হারিয়ে আহাজারি করছেন। বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের কাপড়ের দোকানের মালিক মো. শাকিল কান্না করতে করতে বলেন, দোকান থেকে কিছুই বের করতে পারিনি। সব পুড়ে ছাই হয়ে গেছে।
জানা গেছে, সমবায় সিঙ্গাপুর মার্কেটে মোট ৩১৪টি দোকান আছে যার অধিকাংশই সেমিপাকা। এসব দোকানে প্লাস্টিক সামগ্রী, মনোহারী পণ্য, কাপড়চোপড়, কাঠ ও প্লাস্টিকের ফার্নিচার বিক্রয় করা হয়। প্রতিটি দোকানেই গড়ে ৩০ থেকে ৫০ লাখ টাকার পণ্য মজুত ছিল বলে ব্যবসায়ীরা জানান।