গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সদরপাড়া গ্রামে বুধবার বিরোধ পূর্ণ জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সদিয়াজ্জামান মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সদিয়াজ্জামান সদরপাড়া গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে। বিকেলে সংঘর্ষে আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১০টার দিকে তিনি মারা যান।
ধাপেরহাট পুলিশ ফাড়ি ইনচার্জ (এস আই) জালাল উদ্দিন জানান, ওই গ্রামের আহম্মদ আলীর সঙ্গে প্রতিবেশি আকবর আলীর মধ্যে ৬০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলে আসছিল। সম্প্রতি বিজ্ঞ আদালত জমির মালিক হিসেবে আকবর আলীর পক্ষে রায় দেন। বুধবার দুপুরে আকবর আলী তার পক্ষের লোকজন নিয়ে ওই জমির দখল নিতে যান। এসময় আহম্মদ আলী ও তার লোকজন বাঁধা দেয়। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সদিয়াজ্জামান মিয়াসহ উভয় পক্ষের ১০ জন আহত হন।
তিনি আরো জানান, আহতদের মধ্যে সদিয়াজ্জানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে মারা যান তিনি। এনিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
