স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, দৈনিক ইত্তেফাক পত্রিকা কেবল মহান মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি, ভাষা আন্দোলনের সময়ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। জাতির জনক বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালিদের চিরদিনের প্রিয় পত্রিকা দৈনিক ইত্তেফাক। বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শের-এ-বাংলা একে ফজলুল হক, মওলানা ভাসানিসহ দেশের বহু বরেণ্য ব্যক্তি ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়াকে শ্রদ্ধা করতেন। দেশের বহুল প্রচারিত পত্রিকা ইত্তেফাকের ৬২ বছরে পদার্পণ উপলক্ষে নওগাঁ সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইত্তেফাকের জন্মদিনের কেক কাটার সময় স্বাস্থ্য মন্ত্রী এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম আরো বলেন, দেশের প্রাচীনতম এই পত্রিকা মানিক মিয়ার নিজ হাতে গড়া। ইত্তেফাক দেশ ও জনগণের জন্যে আরো কাজ করবে ও তাদের সমস্যা তুলে ধরার মাধ্যমে আগামীতে আরো এগিয়ে যাবে, এই প্রত্যাশায় প্রতিষ্ঠানের সম্পাদক, কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও কলাকুশলীদের বাংলাদেশ সরকার ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানান স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।
বুধবার দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাট ও বস্ত্র মন্ত্রী মুহঃ ইমাজ উদ্দীন প্রামানিক, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রীয় সদস্য খায়রুজ্জামান লিটন, জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি, লেঃ কর্নেল (অব.) ফারুক খান এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট একেএম ফজলে রাব্বী বকু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো: আব্দুল মালেক, সদস্য সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তলফদার সেলিম, জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান, স্বাস্থ্য বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. হেদায়েতুল ইসলাম, নওগাঁ সিভিল সার্জন ডা. মোজাহার হোসেন বুলবুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নির্মল কৃষ্ণ সাহা, শ্রম বিষয়ক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, মরহুম জননেতা আব্দুল জলিলের পুত্র নিজাম উদ্দীন জলিল জন, জেলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক সুমন, সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ, সাংবাদিক আনোয়ার হোসেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার নওগাঁ প্রতিনিধি তন্ময় ভৌমিকসহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন। পরে সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
খালেদা জিয়া জামায়াত শিবিরকে নিয়ে
আবারও ষড়যন্ত্র শুরু করেছেন
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ক্ষুধা দারিদ্র্য ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে খালেদা জিয়া নতুন করে জামায়াত শিবিরকে নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু করেছেন। বাংলার জনগণ শেখ হাসিনার সাথে আছেন, থাকবেন। শেখ হাসিনা জনগণের সমর্থন নিয়ে আগামী ২০১৯ সালের নির্বাচনে আবারো নির্বাচিত হয়ে হ্যাট্টিক করবেন। কারণ বিগত ৫ জানুয়ারি গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচনে তিনি জয়লাভ করে সরকার গঠনের মাধ্যমে জঙ্গিমুক্ত, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ে তুলেছেন। পক্ষান্তরে খালেদা জিয়া মানুষ হত্যা, অগ্নিসংযোগ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করেছেন। তিনি খালেদা জিয়াকে হুশিয়ার করে বলেন, ষড়যন্ত্র করলে খালেদা জিয়ার কালো হাত ভেঙ্গে দেয়া হবে। গতকাল দুপুরে নওগাঁ নওজোয়ান মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, তারেক রহমান জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে যে কটূক্তি করেছে জাতি কোন দিনই তা ক্ষমা করবে না।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম ফজলে রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে পাট ও বস্ত্র মন্ত্রী মুহম্মদ ইমাজ উদ্দীন প্রামানিক এমপি, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, সাবেক মন্ত্রী কর্নেল ফারুক খান প্রমুখ বক্তব্য রাখেন।