সুন্দরবনে ফার্নেস তেলবাহী জাহাজ ডুবির পর শ্যালা নৌচ্যানেল বন্ধ হয়ে যাওয়ায় শরণখোলাসহ বিভিন্ন এলাকায় আটকা পড়েছে ৩২৩টি পণ্যবাহী জাহাজ। বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদীসহ বনসংলগ্ন বগী-শরণখোলা, মোরেলগঞ্জের সন্ন্যাসী ও পিরোজপুরের কাউখালী এলাকার নদীতে গত ১৩দিন ধরে নোঙর করে আছে জাহাজগুলো। আটকে থাকার কারনে এসব জাহাজের মাস্টার, নাবিক, শ্রমিকরা পড়েছেন চরম দুর্ভোগের মধ্যে। মালিক পক্ষ তাদের কোনো খোঁজখবর নিচ্ছে না।
আগামী ৫ জানুয়ারী জাহাজ চলাচলের ওপর হয়তো কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে বন বিভাগ ও জাহাজ মাস্টারদের সূত্রে জানা গেছে।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. কামাল আহমেদ বৃহস্পতিবার জানান, বগী-শরণখোলা ভারাণী হয়ে শ্যালা চ্যানেল দিয়ে জাহাজ চলাচল করতো। গত ৯ডিসেম্বর ফার্নেস তেলবাহী জাহাজ ডুবলে বিপর্যয় দেখা দেয়। এর পর ১২ডিসেম্বর থেকে সরকার শ্যালা চ্যানেল থেকে সব ধরণের নৌযান চলাচল নিষিদ্ধ করে। এর পর থেকেই জাহাজগুলো আটকা পড়ে।
