চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক মশিয়ার রহমান (২৮) নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে মেদিনীপুর সীমান্তের হরিহরনগরের ভারতের ভাজনঘাট ফার্মের মাঠের সন্নিকটে ৬২/এস-১ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত মশিয়ারের লাশ এলাকাবাসী উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছে।
গ্রামবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মশিয়ার বিকালে ভাজনঘাট ফার্মের সন্নিকটের মাঠে গরুর জন্য ঘাস কাটতে যায়। ভারতের ১৭৩ ব্যাটালিয়নের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফের টহল দল চোরাচালানীদের ধাওয়া করে। বিএসএফের ধাওয়া খেয়ে মাদক চোরাচালানীরা তারকাটা পার হয়ে আসে এবং বিএসএফকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় বিএসএফ গুলি চালালে মাঠে ঘাসকাটারত মশিয়ার গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের নিকট ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি দেখার জন্য ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আনোয়ার জাহিদকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং এ হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাতে বিজিবির পক্ষ হতে পদক্ষেপ নেয়া হচ্ছে।
