উপজেলার কাজিবাচা নদীর খড়িয়ারগেট নামক স্থানে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা এক কলেজ ছাত্রের হাত পা বেঁধে ট্রলার থেকে নদীতে ফেলে দিয়েছে।
এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে স্থানীয় জনতা ৩ জনকে আটক করে পুলিশে দেয়। পুলিশ জানায়, বেলা সাড়ে তিনটার দিকে রূপসা ব্রিজের নিকট থেকে অনুপম রায় (২০) ও প্রতিরাম বৈরাগী (২০) নামে দুই ছাত্রকে নৌকা ভ্রমণের নামে তাদের অপর এক বন্ধু আলামীন খান (২১) ডেকে নিয়ে ট্রলারে উঠায়। পরে ঘটনা স্থলে আলামীন খান, একই গ্রামের নুরআলম(৩৮), রবিউল ইসলাম(২৭) অনুুপমের হাত পা বেঁধে মোটা অংকের টাকা চাঁদা দাবী করে। তারা মোবাইল ফোন ধরিয়ে দিয়ে বলে, আমেরিকায় থাকা তোর পিসিকে ফোন কর। সে অস্বীকার করায় তাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিলে নিখোঁজ হয়ে যায়।
প্রাণে বেঁচে যাওয়া অনুপমের বন্ধু পুলিশের সামনে সমস্ত ঘটনা খুলে বলে। নিখোঁজ অনুপমের বাড়ি পাইকগাছা উপজেলার পারশেমারী গ্রামে। সে গোষ্ট রায়ের পুত্র।
