অপহৃত হওয়ার ছয় দিন পর রাজশাহীর মোহনপুর উপজেলা থেকে ফজলে হোসেন রাব্বী নামে ১০ বছর বয়সী এক শিশুর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বেড়াবাড়ি গ্রামের বেড়াবাড়ি ডাইংপাড়া মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। রাব্বি স্থানীয় আলী হোসেনের ছেলে। বেড়াবাড়ি প্রাথমিক বিদ্যালয় থেকে এবার সে তৃতীয় শ্রেণির বার্ষিক পরীক্ষা দিয়েছিল।
অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে আটকের পর একজনের স্বীকারোক্তির ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়। আটকৃতরা হলেন,ওই গ্রামের আমিনুল (৩০) ও শাহাবুদ্দিন (২৮) ও পবা উপজেলার বাগধানি গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৮)। বাকি দুই জনের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, গত শনিবার সন্ধ্যার পর থেকে রাব্বীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুই দিন পর রাব্বীর বাবা আলী হোসেনকে আমিনুল ফোন করে অপহরণের কথা জানিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। আলী হোসেন বিষয়টি থানায় জানালে পুলিশ বুধবার বিকালে আমিনুল, শাহাবুদ্দিন ও জাহাঙ্গীরকে আটক করে।
