গোপালগঞ্জে নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৪, ১৩:২৫
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে মনিষা পারভীন (২৩) নামে এক নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে টুঙ্গিপাড়া বাইপাস সড়কের গ্রামীণব্যাংক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মনিষা পারভীন নরসিংদী জেলা পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি জামালপুর জেলার মেলানদহ উপজেলার জির ঘোষের                                 পাড়া গ্রামের মেখলেসুর রহমানের মেয়ে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া সফর উপলক্ষে নিরাপত্তার কাজের দায়িত্ব পালন করতে মনিষা পারভীন বৃহস্পতিবার কর্মস্থল নরসিংদী জেলা পুলিশ লাইন থেকে টুঙ্গিপাড়া আসেন। তিনি টুঙ্গিপাড়া এসে সরকারি শেখ মুজিবুর রহমান স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী রেস্ট হাউসে অবস্থান করেন। শুক্রবার সকালে কনেস্টেবল নিগার সুলতানা ও মরিয়মকে সাথে নিয়ে মনিষা বঙ্গন্ধুর সমাধিসৌধ ঘুরে দেখতে যান। ইজি বাইকে করে রেস্ট হাউসে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কনস্টেবল নিগার সুলতানা জানান, বঙ্গবন্ধুর সমাধিসৌধ দেখা শেষ করে তিনি,মরিয়ম ও মনিষা সরকারি শেখ মুজিবুর রহমান স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী রেস্ট হাউসে যাওয়ার জন্য ইজি বাইকে উঠি। মনিষা চালকের পাশে বসে মোবাইলে কথা বলছিল। অসাবধানতা বসত তার ওড়না ইজিবাইকের মোটরে পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। ইজিবাইক টুঙ্গিপাড়া বাইপাস সড়কের গ্রামীনব্যাংকের সামনে আসলে মনিষা ইজি বাইক থেকে পড়ে যায়। তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপতালে আনার আগের তিনি মারা গেছে। মনিষার মৃত্যুর খবর শুনেই ইজিবাইক চালক পালিয়ে যায়।