তীব্র শীতে কাঁপছে জীবননগর উপজেলাবাসী। গত মঙ্গলবার থেকে টানা চারদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গা জেলায়। শুক্রবার তীব্র শীতে উপজেলার বাঁকা গ্রামের শহিদুল ইসলামের (৪৮) মৃত্যু হয়েছে। শীতের তীব্রতার কারণে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া দিন মুজুর মানুষদের। একই সঙ্গে বেড়েছে শীতজনীত রোগে।
চুয়াডাঙ্গা জেলা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার এ জেলায় দেশের সর্বনিন্ম তাপমাত্র রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ৪ দিন ধরে উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ ও লু হাওয়ার কারণে শীতের তীব্রতা বেড়েই চলেছে। এর ফলে ব্যাহত হচ্ছে স্বভাবিক জীবনযাত্রা। তীব্র শীতে বৃদ্ধ ও শিশুদের মধ্যে সর্দিজ্বর, আমাশয়, নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। উপজেলার হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকগুলোতে শীতজনীত রোগে অসুস্থ হয়ে উল্লেখযোগ্য সংখ্যক রোগী ভর্তি হয়েছে। দুর্ভোগ বেড়েছে গরীব ও অসহায় মানুষের। বাজারে পুরাতন কাপড় ও লেপ-তোষকের দাম বৃদ্ধি পাওয়ায় তা অসহায় মানুষের ক্রয়সীমার বাইরে চলে গেছে। সরকারি ভাবে এ উপজেলায় এখন পর্যন্ত শীতবস্ত্র বিতরণ করা হয়নি। এ অবস্থার মধ্যে অসহায় ও ছিন্নমূল মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
