ছয় দফা ফুলবাড়ি চুক্তির পূর্ণ বাস্তবায়নসহ নেতৃবৃন্দের নামে মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার দিনাজপুরের ফুলবাড়িতে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। তেল-গ্যাস ও খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে এ মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে।
জানা যায়, গত ২৬ নভেম্বর এশিয়া এনার্জির বাংলাদেশ প্রধান গ্যারি এন লাই ফুলবাড়ি অফিসে অবস্থানকে কেন্দ্র করে আন্দোলনকারীসহ স্থানীয় বিক্ষুব্ধ জনগণ সড়ক অবরোধ করে ভাংচুর চালায়। পরে পুুলিশের সহায়তায় তিনি ফুলবাড়ি ত্যাগ করলে পরিস্থিতি শান্ত হয়। এ ব্যাপারে গত ৮ ডিসেম্বর এশিয়া এনার্জির সিনিয়র জিওলজিস্ট ফিল্ড অপারেশন সাইদুর রহমান বাদী হয়ে আদালতে মামলা করেন।
ফুলবাড়ি শাখা তেল গ্যাস ও খনিজ সম্পদ কমিটির আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল বলেন, ২০০৬ সালে সরকারের সাথে ফুলবাড়ি কয়লাখনি আন্দোলনকারিদের সাথে স্বাক্ষরিত ছয় দফা চুক্তি হয়। সেই অনুযায়ী এশিয়া এনার্জিকে বহিস্কারসহ দেশের কোথাও উন্মুক্ত পদ্ধতির কয়লাখনি না করার শর্ত থাকলেও এশিয়া এনার্জি দীর্ঘদিন ধরে ফুলবাড়ি কয়লাখনিতে অপতত্পরতা চালিয়ে যাচ্ছে।
