মেলবোর্ন টেস্টে অধিনায়ক স্টিভেন স্মিথের ১৯২ রানের অনবদ্য ইনিংস ও লোয়ার অর্ডারের ব্যাটিং দৃঢ়তায় ভারতের সামনে বিশাল রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। ১০ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৫৩০ রান।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভালোই জবাব দিয়েছে সফরকারী ভারত। দিনশেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ১০৮ রান। মুরালি বিজয়-শিখর ধাওয়ানের উদ্বোধনী জুটিতে আসে ৫৫ রান। রায়ান হ্যারিসের বলে ও স্মিথের ক্যাচে ২৮ রানে আউট হন শিখর। বিজয় ৫৫ রান ও চেতেশ্বর ২৫ রানে অপরাজিত আছেন।
আগের দিনের ৫ উইকেটে ২৫৯ রানে খেলেতে নেমে দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া নিজেদের খাতায় আরো ২৭১ রান যোগ করে। ব্যক্তিগত ৫৫ রান তুলে সামির বলে ও ধোনির ক্যাচে আউট হন হাডিন। ২৮ রান করে আউট হন জনসন। হ্যারিসের সঙ্গে স্মিথের জুটিতে আসে ১০৬ রান। এই রানই অস্ট্রেলিয়াকে ৫০০ পরিয়ে দেয়। ৭৪ রান করে রবীনচন্দ্রন অশ্বিনের এলবিডব্লিউর শিকার হন হ্যারিস। এরপর ব্যক্তিগত ১১ রান করে আউট হন লায়ন। সর্বশেষ উমেশ যাদবের বলে বোল্ড হওয়ার আগে স্মিথ ক্যায়িরারের সর্বোচ্চ ১৯২ রান সংগ্রহ করেন।
