সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এই দুইটি ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২ জন। শনিবার ভোর ছয়টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ষোলমাইলে ও বেলা সাড়ে দশটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড়ে এ ঘটনা দুইটি ঘটে।
এ দুইটি ঘটনায় নিহতেরা হলেন, জেলার রায়গঞ্জ উপজেলার বাঐখোলা গ্রামের মৃত ইমান আলীর ছেলে মোনায়েম খান (৫০) ও উল্লাপাড়া উপজেলার পাচলিয়া গ্রামের আব্দুল হালিম (৪৫)। আহতেরা হলেন, জেলার কামারখন্দ উপজেলার ঝাঐল গ্রামের ছোরমান আলীর ছেলে রবি (৩২) ও একই এলাকার আব্দুস সালামের ছেলে শামিম (২০)।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল হাসান বিশ্বাস জানায়, শনিবার ভোর ছয়টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ষোলমাইলে রাস্তা পার হবার সময় মোনায়েম খানকে অজ্ঞাত একটি ট্রাক চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অপরদিকে, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটি এম আমিনুল ইসলাম জানান, শনিবার বেলা সাড়ে দশটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড়ে তিনজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় বগুড়া থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সামনের চাকা বাস্ট হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হালিম নিহত হয়। আহত হয় রবি ও শামিম। পরে পুলিশ ও স্থানীয়রা লাশটি উদ্ধার করে ও আহতদের স্থানীয় ইস্কয়ার হাসপাতালে ভর্তি করে।
