গাজীপুরে বিএনপির জনসভা করতে না দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাইবান্ধায় শনিবার ২০ দলীয় জোটের বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করে। এর প্রতিবাদে রবিবার গাইবান্ধা জেলা বিএনপি শহরের পৌর এলাকায় অর্ধদিবস হরতাল আহ্বান করেছে।
জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান বাবু জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে বিএনপিসহ ২০ দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের সার্কুলার রোডের তাজ সিনেমা হলের সামনে জেলা বিএনপি কার্যালয় চত্বরে এসে জড়ো হয়। পরে জেলা বিএনপি’র কার্যালয় থেকে ২০ দলীয় জোট শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা বিএনপি কার্যালয় থেকে সার্কুলার রোডে ১০০ গজ দূরে এগিয়ে গেলে পুলিশ লাঠি চার্জ করে। এতে জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান বাবু, দপ্তর সম্পাদক আব্দুল কাফি মন্ডল, শহর বিএনপির কোষাধ্যক্ষ বিপুল কুমার দাস ও জেলা নেতা মাধবী রাণীসহ ১০ নেতাকর্মী আহত হন। পরে জেলা বিএনপি কার্যালয় চত্বরে জেলা ২০ দলীয় জোটের আহবায়ক আনিসুজ্জামান খান বাবুর সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে শনিবার নেতাকর্মীদের উপর পুলিশের লাঠি চার্জের প্রতিবাদে গাইবান্ধা শহরের পৌর এলাকায় রবিবার অর্ধদিবস (সকাল ৬টা থেকে দুপুর ১২টা) হরতালের ঘোষণা দেন।
তবে গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) ওসমান আলী মিছিলে লাঠি চার্জের কথা অস্বীকার করে জানান, শহরে মিছিল করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল। এতে পুলিশের উপর চড়াও হলে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।
