আগামী ফেব্রুয়ারিতে বিশ্বকাপের শুরুতে নিজের ফিট হয়ে ওঠা নিয়ে নিজেই সন্দেহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক। তবে টুর্নামেন্ট চলাকালে কোন এক পর্যায়ে মাঠে ফেরার বিষয়ে আশাবাদী তিনি।
কয়েক মাসের মধ্যে ভারতের বিপক্ষে এডিলেডের প্রথম টেস্টে চতুর্থবার হ্যামস্ট্রিং ইজুরিতে পড়ায় অস্ত্রোপচার করতে হয় ক্লার্ককে।
অস্ত্রোপচারের পর বেশ ভাল অনুভব করছেন ক্লার্ক। তবে ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে ফিট হওয়া নিয়ে নিজেই সন্দেহ প্রকাশ করেন তিনি।
চ্যানেল নাইনকে ক্লার্ক বলেন, এই মুহূর্তে যেভাবে সব কিছু এগুচ্ছে তাতে সত্যিই আমি আত্মবিশ্বাসী। এমন ধারা অব্যাহত থাকলে সত্যিই আমার বিশ্বকাপে খেলার ভাল সম্ভাবনা আছে।
তিনি বলেন, ‘আমি মনে করছি, অবশ্যই বিশ্বকাপের অধিকাংশ ম্যাচ আমি খেলতে পারব। আশা করছি দলে পুনরায় ফেরার জন্য নির্বাচকরা আমাকে একটা সুযোগ দেবেন।’
ক্লার্কের অনুপস্থিতিতে টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন স্টিভেন স্মিথ এবং সম্প্রতি নিজ মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ী ওয়ানডে সিরিজে দলের নেতৃত্ব দিয়েছেন জর্জ বেইলি।
বিশ্বকাপের প্রথম দিকে ক্লার্ক খেলতে না পারলে বেইলি দলের নেতৃত্ব দিতে পারেন। তবে ভারতের বিপক্ষে চলমান টেস্টে পরপর তিন সেঞ্চুরি হাকিয়ে এবং ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিশ্ব মানের বোলিংকে তছনছ করে স্মিথও বিবেচনায় রয়েছেন। সূত্র: ওয়েবসাইট।
