লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম বিপ্লব (২২) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। রবিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। বিপ্লব রামগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সোনাপুর গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাচ্চু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, হাজীগঞ্জ থেকে রামগঞ্জগামী বৈশাখী পরিবহনের একটি বাস সোনাপুর মালের বাড়ির দরজায় আসা মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল চাপা দিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বিপ্লব মারা যান। আহতদের স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করেন। মুমূর্ষু অবস্থায় নাজমা বেগম (৩২) ও নাজমুন নাহারকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দূর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে গাছ ফেলে এক ঘণ্টা অবরোধ করে রাখে। রামগঞ্জ থানা পুলিশ অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন ও পৌর মেয়র বেলাল আহম্মেদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
