ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ সমর্থিত দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আব্দুল কুদ্দুস ওরফে কুদো (৪৫) নামে একজন নিহত হয়েছে। এ সময় অন্তত ২৫ জন আহত হয়েছে। রবিবার সকালে শৈলকুপা উপজেলার গোপালপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ওসি সগির মিঞা জানান, গত ইউপি নির্বাচনের পর থেকে বর্তমান নিত্যনন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ও পরাজিত চেয়ারম্যান ফারুক হোসেনের মধ্যে বিরোধ চলে আসছে। তাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। কিছুদিন আগে গোপালপুর গ্রামে মফিজ উদ্দিন গ্রুপের কিয়াম উদ্দিন মোল্লা নামে এক ব্যক্তি মারা যান। রবিবার তার ফাতেহা অনুষ্ঠান ছিল। সে উপলক্ষে রান্না-বান্না চলছিল। সেখানে ফারুক গ্রুপের লোকজন এসে হামলা চালায়। এতে দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। উভয় পক্ষের লোকজন ঢাল, সড়কী রাম দা, লাঠি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সংঘর্ষ থামাতে ৪ রাউন্ড শটগানের গুলি ছোড়া হয়।
দু’দলের সংঘর্ষকালে আব্দুল কুদ্দুস নামে একজন ঘটনাস্থলেই নিহত ও আরিফুল ইসলাম, কামাল বিশ্বাস, নজরুল ইসলাম, ইমদাদুল ও কামাল হোসেনসহ অন্তত ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে ঝিনাইদহ হাসপাতালে ৫ জনকে ভর্তি করা হয়েছে। অন্যরা ক্লিনিক ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
