কোহলি-রাহানের শতকে ভারতের জবাব

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৪, ১৭:০৭
 
বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানের শতকে ভর করে ভালোই জবাব দিচ্ছে সফরকারী ভারত। তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৮ উইকেটে ৪৬২ রান। অধিনায়ক স্টিভ স্মিথের শতকে প্রথম ইনিংসে ৫৩০ রান করেছিল অস্ট্রেলিয়া।
 
রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১ উইকেটে ১০৮ রান নিয়ে খেলা শুরু করার পর চেতেশ্বর পুজারাকে হারায় অতিথিরা। এরপর বেশিক্ষণ টেকেননি আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান মুরালি বিজয়ও। ১৪৭ রানে তিন ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়া ভারতকে লড়াইয়ে ফেরান কোহলি ও রাহানে। চতুর্থ উইকেটে ২৬২ রানের জুটি গড়েন তারা। ক্যারিয়ার সেরা ১৪৭ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন রাহানে। রাহানের ১৭১ বলের ইনিংসটি গড়া ২১টি চারে। রাহানের বিদায়ের পর আর কোনো জুটি গড়তে পারেনি ভারত। এক প্রান্তে কোহলি অবিচল থাকলেও অন্য প্রান্তে অভিষিক্ত লুকেশ রাহুল, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও রবিচন্দ্রন অশ্বিনের বিদায়ে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া।