হরতালের সমর্থনে মিছিল পুলিশের সঙ্গে সংঘর্ষ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৪, ০০:১৭

হরতালের সমর্থনে গতকাল দেশের বিভিন্ন স্থানে মিছিল করার সময় বিএনপি ও ছাত্রদল কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। কয়েকটি স্থানে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত হয়েছেন ৪২জন। গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৭০।

রাজশাহী অফিস জানায়, রাজশাহীর সোনাদীঘির মোড়ে বিকালে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত ১০ জনকে  চিকিত্সা দেয়া হয়।
জানা গেছে, হরতালের সমর্থনে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা রবিবার বিকালে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। একই সময় সোনাদীঘির মোড় অতিক্রম করছিল মহিলা লীগের হরতাল বিরোধী একটি মিছিল। ছাত্রদলের নেতাকর্মীরা মহিলা আওয়ামী লীগের মিছিলে ইট-পাটকেল নিক্ষেপ করলে তারাও ইট-পাটকেল নিক্ষেপ করে পাল্টা জবাব দেয়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা অটোরিকশা ভাংচুর করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। গতকাল দুপুরে রাজশাহী মহানগরীর মতিহার থানা চত্বরে পরিত্যক্ত একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে কেউ হতাহত হয়নি।
সিলেট অফিস জানায়, হরতালের সমর্থনে সিলেটে ছাত্রদলের বের করা মিছিল ছত্রভঙ্গ করতে গতকাল পুলিশ ফাঁকা গুলি ছোঁড়ে ও মিছিলকারীদের ধাওয়া করে।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযানে পুলিশ রবিবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলা, রায়পুর, কমলনগর, রামগতি, রামগঞ্জ এবং চন্দ্রগঞ্জ থানাসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭০ জনকে  গ্রেফতার করেছে।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, হরতালের সমর্থনে রবিবার বিকালে শিবগঞ্জে বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি শিবগঞ্জ ডাকবাংলো সংলগ্ন বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শিবগঞ্জ বাজার প্রদক্ষিণ  শেষে লাকী মোড়ে এক পথসভা করে। পথসভায় বক্তব্য রাখেন শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোহাঃ সফিকুল ইসলাম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোহাঃ বাবু। বিক্ষোভ মিছিল চলাকালে শিবগঞ্জ মনাকষা মোড়ে একটি ককটেল  বিস্ফোরণে দোকানদার আরসান ও কালুপুর গ্রামের সাইদুরের ছেলে রেজাউল আহত হয়। তারা বর্তমানে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন আছে।
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা জানান, নাশকতার আশংকায় সেনবাগ থানা পুলিশ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক বাবুল (৪৭) ও কলেজ ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলাউদ্দিন আলোকে (২৬) গ্রেফতার করেছে। বিকালে ছাতারপাইয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। এই গ্রেফতারের প্রতিবাদে বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা সেনবাগ-কানকিরহাট-সোনাইমুড়ি সড়ক বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অবরোধ করে রাখে। এসময় বন বিভাগের বেশ কয়েকটি গাছ কেটে রাস্তায় ফেলে রাখা হয়। পরে খবর পেয়ে সেনবাগ থানার ওসি মো. মমিনুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফাঁকা গুলি ছুঁড়লে অবরোধকারীরা পালিয়ে যায়।
 হরিণাকুন্ডু (ঝিনাইদহ) সংবাদাতা জানান, ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে হয়ে দুইজন আহত হয়েছে। আহতরা হলো- উপজেলার রিশখালী গ্রামের নাজিমুদ্দীনের ছেলে ইদ্রিস আলী ও কেষ্টপুর গ্রামের লুত্ফর রহমানের ছেলে মইনুদ্দীন।

চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, গতকাল রবিবার বিকেলে হরতালের সমর্থনে স্থানীয় বিএনপি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ মিছিলে লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জে বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়।