পাবনার আতাইকুলায় একটি সংবাদপত্রবাহী পিকআপ ভ্যানের সঙ্গে একটি নসিমনের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ছয়জন। সোমবার সকালে উপজেলার শোলাবাড়িয়া এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে শোলাবাড়িয়া এলাকায় সংবাদপত্রবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে
নসিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নসিমনের দুই যাত্রী মারা যান। আহত হন আরো কমপক্ষে ছয়জন যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতরা সবাই নসিমনের যাত্রী বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের কারো পরিচয় পাওয়া যায়নি।
আতাইকুলা থানার ওসি সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
