গাজীপুরে গাড়ি ভাংচুর

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৪, ১২:২৫
 
হরতাল সমর্থনে গাজীপুরের টঙ্গী চেরাগ আলী মার্কেটের বেক্সিমকো সড়ক এলাকায় একটি মিছিল বের করা হয়। পরে মিছিলকারীরা গাড়ি ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া জেলার মালেকের বাড়ি এলাকায় মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। 
টঙ্গী থানার ওসি মো: ইসমাইল হোসেন জানান, সকাল আটটার দিকে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি ভাংচুর শুরু করে। এক পর্যায়ে তারা মহাসড়কে টায়ারে অগ্নিসংযোগের চেষ্টা করে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের উদ্দেশে তারা ইট-পাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে সকাল পৌনে আটটার দিকে টঙ্গীর সুর তরঙ্গ রোড এলাকায় স্বেচ্ছাসেবক দল মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। 
এদিকে সকাল সাতটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এবং বাইপাস সড়ক এলাকায় পিকেটরোরা ঝটিকা মিছিল বের করে। এছাড়া কাজী আজিম উদ্দিন কলেজ এলাকায় ঐ কলেজের সাবেক এজিএস নূরে আলমের নেতৃত্বে একটি মিছিল বের করলে পুলিশ ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কে কিছু বাস-মিনিবাস চলতে দেখা গেলেও দূর পাল্লার  বাস চলাচল করেনি। তবে রিকশা, অটোরিকশা, টেম্পু, লেগুনা চলাচল ছিল অনেকটাই স্বাভাবিক। তবে এসব যানবাহনে যাত্রী ছিল অনেক বেশি। কল-কারখানা, দোকান-পাট, ব্যাংক-বীমাসহ সকল অফিস-আদালত, বিপণী বিতান খোলা ছিল।