কুমিল্লার চান্দিনায় ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের বিপক্ষে হরতাল বিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ। সোমবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন, উপজেলা গেইটসহ বিভিন্ন স্থানে অবস্থান নেয় আওয়ামী নেতা-কর্মীরা।
সকাল সাড়ে ১১টায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি দলীয় নেতা-কর্মীদের নিয়ে হরতাল বিরোধী মিছিল বের করেন। মিছিলটি পালকি সিনেমা হলের সামনে দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, চান্দিনা বাজার ও উপজেলা পরিষদ হয়ে বাস স্টেশনে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম কমিশনার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ সরকার, কুমিল্লা উত্তর জেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগ সভাপতি আলহাজ্ব মনির খন্দকার, চান্দিনা উপজেলা যুবলীগ সভাপতি জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জহিরুল ইসলাম মুন্সি প্রমুখ।
