মেলবোর্ন টেস্টে চতুর্থ দিন শেষে ৩২৬ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। এটি যথেষ্ট মনে না হলে পঞ্চম দিন মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ব্যাট করতে পারেন স্বাগতিকরা।
৬৫ রানের লিড নিয়ে খেলতে নেমে ৭ উইকেটের বিনিময়ে ২৬১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। রজার্স ও মার্সের দৃঢ়তায় অনেকটা এগিয়ে যায় স্বাগতিকরা। এছাড়া লোয়ার অর্ডারের ব্যাটিংয়ে ব্র্যাড হাডিন ১৩ ও মিচেল জনসন ১৫ রান যোগ অস্ট্রেলিয়াকে আরো এগিয়ে নিয়ে গেছে।
বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানের সেঞ্চুরি ভারতের মনে আশার সঞ্চার করলেও অস্ট্রেলিয়ার ৫৩০ রানের বিপরীতে খেলতে নেমে ৪৬৫ রানেই গুটিয়ে যায় ভারত। সফরকারীদের শেষের তিনটি উইকেট পড়ে মাত্র তিন রানের ব্যবধানে।
তবে দ্বিতীয় ইনিংসে ভারতের বোলিং ও ফিল্ডিং খুব একটা খারাপ হয়নি। প্রথম ইনিংসের ক্যারিয়ারের সেরা রান করা স্মিথ দ্বিতীয় ইনিংসের মাত্র ১৪ রানেই আউট হয়েছেন। যাদবের বলে ও রাহানের ক্যাচে আউট হন তিনি। উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিন ও ইশান্ত শর্মা দুইটি করে উইকেট পেয়েছেন।
অষ্টম ভারতীয় বোলার হিসেবে ইশান্ত শর্মা আজ ভারতের পক্ষে সব ধরণের ফরম্যাটে ৩০০ উইকেটের মালিকানা পেয়েছেন।
