খুলনায় বুধ-বৃহস্পতিবার পরিবহন ধর্মঘট

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৪, ১৬:৪৬
৪ দফা দাবিতে খুলনা বিভাগের ১০ জেলায় বুধবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘট ডেকেছে  বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা আঞ্চলিক কমিটি। তাদের দাবি আদায়ে পরিবহন শ্রমিকদের সংগঠিত করতে জেলায় জেলায় সমাবেশ করা হচ্ছে। 
পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বকশ দুদু জানান, তাদের ৪ দফা দাবিগুলো হচ্ছে, গাড়ি চালকদের সকল ড্রাইভিং লাইসেন্স নির্ধারিত ফি নিয়ে নবায়ন করতে হবে। দুর্ঘটনায় নিহতে সংশ্লিষ্ট গাড়ি চালকের সাজার মেয়াদ ৩ বছর থেকে ৭ বছরে বৃদ্ধির আইন বাতিল, সড়কে পুলিশের চাঁদাবাজি ও মিথ্যা মামলা দায়ের বন্ধ এবং দৌলতদিয়া ফেরি ঘাটে চাঁদাবাজি ও চালক হয়রানি  বন্ধ ও মানিকগঞ্জে ওজন পরিমাপের নামে ট্রাক প্রতি এক হাজার টাকা আদায় বন্ধ করতে হবে। তিনি আরো জানান, ধর্মঘটকালে বাস, ট্রাক, মিনিবাস, হিউম্যান হলারসহ সকল যানবাহন বন্ধ থাকবে।   তাদের প্রতি পরিবহন মালিক সংগঠনগুলো সমর্থন জানিয়েছে।