এবার ইংলিশ প্রিমিয়ার লিগের শুরু থেকেই আধিপত্য বিস্তার করেছে চেলসি। পয়েন্ট খোয়ানো যেন তাদের স্বভাবেই নেই। কিন্তু আগের ম্যাচে সাউথ্যাম্পটনের সঙ্গে ড্র করে চেলসি। এতে ব্যবধান কমানোর দারুণ সুযোগ পায় ম্যানচেস্টার সিটির সামনে। লক্ষ্য মোতাবেক বার্নলির সঙ্গে প্রথমার্ধে দুই গোলে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু এতোকিছুর পরও শেষ পর্যন্ত ড্র করে শীর্ষে থাকা দলটির এক পয়েন্টের ব্যবধানে আসার সুযোগ হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
রবিবার ইতিহাদ স্টেডিয়ামে প্রথম পনের মিনিটে দুটি চমত্কার সুযোগ তৈরি করে এই ম্যাচের আগে লিগে টানা সাতটি জয় পাওয়া ম্যানচেস্টার সিটি। এই সুযোগগুলো কাজে লাগাতে না পারায় নিজেদের মাঠে এগিয়ে যেতে ২৩তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। সামির নাসরির কাছ থেকে বল পান হেসুস নাভাস। ডি বক্সে ভেতর দাঁড়িয়ে থাকা দাভিদ সিলভাকে বল বাড়ান তিনি। বল পেয়েই জালে পাঠিয়ে দিতে কোনো ভুল করেননি স্পেনের এই মিডফিল্ডার। ৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফের্নানদিনিয়ো। প্রথমার্ধ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে থাকে ম্যান সিটি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান কমায় বার্নলি। প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দেন জর্জ বয়ড। ছয় মিনিট পর সমতা আনার দারুণ একটি সুযোগ হাতছাড়া করে বার্নলি। দুই মিনিট পর নাসরির প্রচেষ্টা ব্যর্থ করে দেন অতিথি দলের গোলরক্ষক। ব্যবধান কমানোর পর নিয়মিতই স্বাগতিকদের রক্ষণভাগের ওপর বেশ চাপ তৈরি করে বার্নলি। ৮১তম মিনিটে সমতা ফেরায় বার্নলি। মাঝমাঠ থেকে আসা ফ্রি-কিকে মাথা ছুঁয়েছিলেন অ্যাশলি বার্নস। এক সতীর্থের গায়ে লেগে আবার বল পেয়ে যান তিনি। ডি বেক্সের ভেতর থেকে তার জোরালো শট ফেরাতে পারেননি ম্যানচেস্টার সিটির গোলরক্ষক জো হার্ট।
১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে চেলসি। ৪৩ পয়েন্ট নিয়ে তাদের পেছনে ম্যানচেস্টার সিটি।
