ঘন কুয়াশার কারণে পদ্মা নদীতে দীর্ঘ ১৫ ঘণ্টা আটকে থাকার পর নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান ও বাহাউদ্দিন নাসিম এমপি মুক্ত হয়েছেন। তাদের বহনকারী ফেরি কাকলী ও কর্ণফুলী সোমবার বেলা পৌনে ১২টা ও পৌনে দুইটায় শিমুলিয়া ঘাটে নোঙর করে। এর পূর্বে রবিবার রাতে কাওড়াকান্দি থেকে রওনা দিয়ে এই দুই ভিআইপি কুয়াশার কারণে মাঝ পদ্মায় আটকা পড়ে।
শিমুলিয়া ঘাটে কর্মরত মাওয়া বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) সিরাজুল হক জানান, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি সরকারি কাজ শেষে সাতক্ষীরা থেকে ঢাকায় ফেরার পথে রবিবার রাত পৌনে ১০টায় ফেরি কাকলীতে করে কাওড়াকান্দি ঘাট থেকে শিমুলিয়া ঘাটের উদ্দেশে রওনা দেন। এর আধাঘণ্টা পর রাত সোয়া ১০টায় বাহাউদ্দিন নাসিম এমপি তার নির্বাচনী এলাকায় কাজ শেষে ঢাকার উদ্দেশে কাওড়াকান্দি ঘাট থেকে ফেরি কর্নফুলীতে করে শিমুলিয়া ঘাটের উদ্দেশে রওনা হন। কিন্তু প্রায় দেড় কিলোমিটার এগুতেই শীবচর উপজেলার বাংলাবাজারের চেয়ারম্যান বাড়ির কাছে এসেই রাত সাড়ে ১০টায় ঘন কুয়াশায় পদ্মা নদীতে আটকা পরেন তারা। আওয়ামী লীগের এই দুই নেতার ফেরি রাতভর কছাকাছি অবস্থানে ছিল। সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এর আগে রবিবার রাত ১০টা থেকেই শিমুলিয়া ঘাট এলাকায় ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যহত হচ্ছিল।
কুয়াশা কেটে যাবার পর মন্ত্রী শাজাহান খান ও এমপি বাহাউদ্দিন নাসিমকে বহনকারী ফেরি দু্ইটি গন্তব্যে রওনা দিয়ে সোমবার দুপুর পৌণে ১২টা ও পৌনে দুইটায় শিমুলিয়া ঘাটে এসে পৌঁছে।
