অপহরণের ২৪ঘণ্টা পর স্কুলছাত্র উদ্ধার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৪, ১৮:২১
 
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নয়ন বিশ্বাস (৮) নামে এক স্কুল ছাত্র অপহরণের ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।  সোমবার বিকালে দোহার উপজেলার কার্তিকপুর বাজারের কাছ থেকে তাকে উদ্ধার করা হয়। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। শিশুটি নলগোড়া প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে উপজেলার নলগোরা এলাকায় নিমাই বিশ্বাসের ছেলেকে বাড়ির কাজের ছেলে আলামীন (২৮) অপহরণ করে নিয়ে যায়। ওইদিন রাতেই নয়নের পরিবারের কাছে ৫লাখ টাকা মুক্তিপণ দাবি করে। শিশুটির বাবা নিমাই বিশ্বাস নবাবগঞ্জ থানায় ঘটনাটি জানালে পুলিশ অপহরণকারীদের মোবাইল নম্বরের সূত্র ধরে অভিযান চালাতে থাকে। অপহরণকারীকে ধরতে পুলিশ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ও শালিপুর এলাকায় অভিযান চালায়। এক পর্যায়ে পুলিশ হরিরামপুরের হাজার বিঘা বাজার থেকে মোবাইল কলের সূত্র ধরে আলামিনের শ্বশুর ফেলো মৃধা ও শ্যালক রাজুকে আটক করে। এদের দেয়া তথ্য মতে মানিকগঞ্জের হারিরামপুর উপজেলার বসন্তপুর গ্রাম থেকে আলামিনের বাবা  রশিদ খানকে আটক করা হয়। 
মুক্তিপণ দাবির ৫লাখ টাকায় স্কুল ছাত্রকে ছেড়ে দেয়ার শর্তে ওই পরিবার রাজি হয়। আলামিনের কথা মতো ৫লাখ টাকা নিয়ে রবিবার দুপুরে কার্তিকপুর বাজারের কাছে যেতে বলা হয়। বিকাল সাড়ে ৩টায় অপহৃত নয়নের বাবা, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশহ দোহার উপজেলার কার্তিকপুর বাজারের কাছে যায়। অপহরণকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে ছেলেটিকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে। 
কেরানীগঞ্জ সার্কেলের এএসপি শহীদুল ইসলাম বলেন, ভিকটিম উদ্ধার হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ রির্পোট লেখা পর্যন্ত এখনো কোনো মামলা হয়নি।
নিমাই বিশ্বাস বলেন, গত ১৫ ডিসেম্বর তার বাসায় দিনমজুরের কাজ করতে আসেন আলামিন। তার বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্দার মানিক গ্রামে। পরিকল্পিতভাবেই তিনি বাসায় কাজের জন্য আসেন বলে মনে হয়।