গত দুই বছরে কয়েক ধাপে কমেছে স্বর্ণের দাম। তবে এবার দুই/এক হাজার নয়, ভরিতে ১২ হাজার টাকা করে কমতে পারে। মার্কিন সংস্থা কিটকো গোল্ড সার্ভের এক জরিপে স্বর্ণের দাম কমার এই পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা বলছেন, ২০১৫ সালে আউন্স প্রতি (১ আউন্স= ২.৪৩০৫ ভরি) স্বর্ণের দাম এক হাজার ডলারে নেমে আসতে পারে। এই হিসাবে ভরিপ্রতি স্বর্ণের দাম পড়তে পারে মাত্র ৩২ হাজার ৭৫ টাকা (ডলার ও টাকার বর্তমান বিনিময় হারে); যা বর্তমান দামের চেয়ে প্রায় ১২ হাজার টাকা কম। বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি ভালো মানের স্বর্ণ বিক্রি হচ্ছে ৪৪ হাজার টাকা দরে।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, আগামী বছর আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলার শক্তিশালী হতে পারে। আর সে কারণে স্বণের্র দাম আরো পড়ে যেতে পারে। তেমনটি হলে বাংলাদেশেও সোনার দাম ব্যাপকভাবে কমতে পারে।
