আসামের বোড়ো জঙ্গিদের পুরোপুরি নির্মূল করতে পুরোদমে চলা সামরিক অভিযানের মধ্যেই আবারো উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। অভিযানের মুখে জঙ্গিরা পালিয়ে না গিয়ে মুখোমুখি সেনাবাহিনীকে মোকাবিলা করছে। রাজ্যটিতে সাম্প্রতিক গণহত্যার জন্য দায়ি ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ড-সংবিজিত (এনডিএফবি-এস) জঙ্গিদের এই দুঃসাহস দেখে অভিযানের পরিকল্পনাকারীরা বলছেন, নতুন আঙ্গিকে ছক তৈরী না করলে এই দুর্ধর্ষ জঙ্গিদের নির্মূল করা কঠিন হয়ে পড়বে।
সূত্র জানায়, সেনাবাহিনীর বর্তমান টার্গেট জঙ্গিনেতা সংবিজিত। তাকে ধরতে পারলেই বোড়োদের দৌরাত্ম্য কমবে। সংবিজিত আগে জঙ্গিদের জঙ্গলের পথ চিনিয়ে দিতেন। সেই সুবাদেই বোড়ো সংগঠনের প্রধান রঞ্জন দৈমারির কাছাকাছি আসেন তিনি। পরে নিজে দলের কলাকৌশল শিখে নেতার কাছ থেকে সরে এসে নিজেই গঠন করেন এনডিএফবি-এস। গত ২৩ ডিসেম্বর আসামে নৃশংস হামলা চালিয়ে ৯০ জনকে হত্যার পিছনে রয়েছে এই জঙ্গি গোষ্ঠী।
