বাঞ্ছারামপুরে পুলিশ হেফাজতে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৪, ০১:৩২

রবিবার রাতে থানা পুলিশ হেফাজতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাঞ্ছারামপুর গ্রামের মোঃ ইকবাল হোসেনের (৩০) মৃত্যু হয়েছে। তবে পুলিশের নির্যাতনে ইকবালের মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ।

বাঞ্ছারামপুর থানার অফিসার ইন চার্জ অংশু কুমার দেব জানান, ডাকাতি মামলার আসামি সবুজ মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী ইকবাল হোসেনকে রবিবার সন্ধ্যায় বাঞ্ছারামপুর বাজার থেকে আটক করা হয় । থানা হাজতে আনার পর ইকবাল হঠাত্ অসুস্থ বোধ করলে তাত্ক্ষণিকভাবে তাকে বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। তার অবস্থা আশংকাজনক মনে করে চিকিত্সকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। ঢাকায় আনতে গাড়িতে উঠানোর সময় তার মৃত্যু হয়। লাশ ব্রাহ্মণবাড়িয়া মর্গে প্রেরণ করা হয়েছে ।

বিষ জাতীয় কিছু খাওয়ার ফলে ইকবালের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের টিএইচও ডাঃ হাবিবুর রহমান জানান। তার মৃত্যুর খবরে বাঞ্ছারামপুর গ্রামে ধাওয়া-পাল্টা ধাওয়ায় যুবলীগ নেতা অরুন (৪২) মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা শাহ আলম(৩৭) আহত হন।