ময়মনসিংহের মুক্তাগাছায় দেশের প্রথম দুর্নীতি বিরোধী গণশুনানিতে দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ বলেছেন, সংবিধান অনুযায়ী দেশের মালিক জনগণ, ক্ষমতার উত্স জনগণ, সরকারি চাকরিজীবীরা জনগণের টাকায় নিয়োজিত জনগণের সেবক, সরকারি বিভাগ থেকে সেবা পাওয়া জনগণের অধিকার। চাহিদা মতো সেবা প্রদান করা সেখানে নিয়োজিত চাকরিজীবীর দায়িত্ব।
সোমবার স্থানীয় আরকে হাই স্কুল প্রাঙ্গণে উপজেলা পরিষদ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি আয়োজিত দুই দিনব্যাপী তথ্য মেলা এবং দুদকের উদ্যোগে দেশের প্রথম দুর্নীতি বিরোধী গণশুনানির দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবুল মিয়ার সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, ভূমি অফিস, সাব রেজিস্ট্রার অফিস ও বিদ্যুত্ বিভাগের সেবা প্রদান নিয়ে সেবা গ্রহিতা কর্তৃক সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্ন করা এবং উত্তর দেয়ার মধ্য দিয়ে দুই দিনের এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
