ইংলিশ প্রিমিয়ার লিগে জয় দিয়ে বছর শেষ করল লিভারপুল। সোমবার রাতে সোয়ানসিকে ৪-১ গোলে হারিয়েছে ব্রেন্ডন রজার্সের শিষ্যরা।
নিজেদের মাঠ অ্যানফিল্ডে শুরু থেকেই আক্রমণাত্মক খেললেও প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট পর্যন্ত।
প্রথম আধঘণ্টায় ম্যাচের এই ফল আন্দাজ করা যায়নি। আলবের্তো মরেনোর কাছ গোলে ম্যাচের ৩৩তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। জর্ডান হেন্ডারসনের পাস থেকে গোল করেন ডিফেন্ডার আলবার্তো। এরপর প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পাওয়া যায়নি।
ম্যাচের ৫১তম মিনিটে ব্যাকপাস থেকে বল পেয়ে সোয়ানসি গোলকিপার উড়িয়ে মারতে চেয়েছিলেন। কিন্তু এগিয়ে আসা লালানার গায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। পরের মিনিটেই অবশ্য একটি গোল শোধ করেন সোয়ানসির গিলফি সিগুর্ডসন। ৬১তম মিনিটে আরো একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যান লালানা। আট মিনিট পর জনজো শেলভির আত্মঘাতী গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।
