সাটুরিয়ায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ১

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৪, ১৪:৪৪
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা থেকে অপহৃত ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে পুলিশ সোমবার বিকালে গাজীপুরের জয়দেবপুর উপজেলার মজলিসপুর মাঝিপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে। এই ঘটনায় গণেশ মাহেশ্বর (১৬) নামে এক অপহরণকারীকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার গণেশ উপজেলার বরাইদ এলাকার বিরেন মাহেশ্বরের ছেলে।
অপহৃতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার ছনকা এলাকার ওই ছাত্রী বরাইদ ফয়জুন নেছা উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। মৌখিক পরীক্ষা দিতে ২০ ডিসেম্বর সকালে সে বিদ্যালয়ে যায়। বিদ্যালয় থেকে সময়মত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে বিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। এরপর কোথাও তার সন্ধান না পেয়ে শনিবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণ মামলা করেন।

সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম খান জানান, এই ঘটনায় সোমবার বিকালে গাজীপুরের জয়দেবপুর উপজেলা থেকে ওই ছাত্রীকে উদ্ধারসহ এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়।