সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন রোনাল্ডো

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৪, ২১:১১
 
 
দুবাইতে অনুষ্ঠিত গ্লোব সকার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ২০১৪ সালের জন্য সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন পর্তুগিজ ও রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনল্ডো।
 
নিঃসন্দেহে এবারের বছরটা ছিল রোনাল্ডোর ক্যারিয়ারের সেরা বছর। একক চ্যাম্পিয়নস লিগ মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া রোনাল্ডোর নেতৃত্বে রিয়াল মাদ্রিদ ১০ম বারের মতো শিরোপা লাভ করে। স্পেনের হয়ে পাঁচ বছরে নিজেকে ক্রমেই সামনে এগিয়ে নিয়ে গেছেন। গত বছর তারই স্বীকৃতি স্বরুপ ফিফা বিশ্ব সেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি’অর দ্বিতীয়বারের মতো অর্জন করেন। এবারও তৃতীয়বারের মতো এই পুরস্কার প্রাপ্তিতে তিনি সংক্ষিপ্ত তালিকার অপর দুই প্রতিদ্বন্দ্বী লিয়নেল মেসি এবং ম্যানুয়েল নুয়্যারের থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন। আগামী ১২ জানুয়ারি এই পুরস্কার ঘোষণা করা হবে।
 
দুবাইয়ের আটলানটিস পাম হোটেলে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করে পর্তুগিজ এই উইঙ্গার আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দুবাইয়ের এই সাফল্যের পুনরাবৃতি জুরিখেও দেখতে চান। তিনি বলেছেন, আশা করছি এটা বেশ ভাল ইঙ্গিত। কিন্তু এখন আমি এসব নিয়ে চিন্তিত নই। মানুষ বেশ চিন্তা করেই ভোট দিয়েছে। পরিশ্রমের ফল হিসেবে আরেকটি ট্রফি জিততে পেরে আমি সত্যিই আনন্দিত। এজন্য আমি রিয়াল মাদ্রিদের সকল খেলোয়াড়, কোচ ও সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। এবারের মৌসুমটা আমাদের দারুন কাটছে। আমরা চারটি শিরোপা জয় করেছি। এখন আমরা বিশ্বের অন্যতম সেরা দল। গ্লোব সকারের এই পুরস্কারটা জিততে পেরে আমি দারুন খুশী। এজন্য আমি সত্যিকার অর্থেই গর্বিত।