উয়েফার সভাপতি পদে প্লাতিনিই থাকছেন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৪, ১৭:০০
 
 
তৃতীয় মেয়াদে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফার সভাপতি পদে পুনঃর্নির্বাচিত হতে যাচ্ছেন মিশেল প্লাতিনি। প্রার্থিতা ঘোষণার ডেডলাইন পার হওয়ার আগে আর কোনো প্রার্থী না থাকায় প্লাতিনিকেই এই পদে দেখা এখন সময়ের ব্যাপার।
 
সর্বপ্রথম ২০০৭ সালে ফ্রান্সের সাবেক এই অধিনায়ক উয়েফার সর্বোচ্চ পদে আসীন হয়েছিলেন, ২০১১ সালে তার বিপক্ষে কোনো প্রার্থী ছিল না। আগামী মার্চে ভিয়েনায় অনুষ্ঠিতব্য উয়েফার কংগ্রেসে তৃতীয় মেয়াদে প্লাতিনির সভাপতি প্রার্থিতা নিশ্চিত করা হবে। গত ২৪ ডিসেম্বর সভাপতি পদে প্রার্থিতা ঘোষণার সর্বশেষ তারিখ ছিল। দ্বিতীয় মেয়াদে প্লাতিনি ক্লাবগুলোর জন্য ফিনান্সিয়াল ফেয়ার প্লে আইন, খেলোয়াড়দের জাতিগতভাবে বৈষম্যের অপরাধে ১০ ম্যাচ নিষিদ্ধ করা এবং ২০২০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফরম্যাট পরিবর্তন করে ১৩টি দেশে অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেন।
 
এদিকে মে মাসে ফিফা সভাপতি পদে সেপ ব্লাটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনের বিষয়টি নাকচ করে দিয়েছেন ইউয়েফা সভাপতি প্লাতিনি।